সেচ সংকট নিরসনে ডিপো থেকে তেল সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ
সালথায় কৃষকদের পাশে প্রশাসন, ইউএনওর তৎপরতায় স্বস্তি
- আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় কৃষকদের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন। কৃষি উৎপাদন সচল রাখতে তিনি নিয়মিতভাবে বিভিন্ন ডিপো থেকে তেল সংগ্রহ করে তা উপজেলার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সরবরাহ নিশ্চিত করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান কৃষি মৌসুমে সেচ কার্যক্রমে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে ইউএনও ব্যক্তিগতভাবে তদারকি করছেন। তিনি প্রতিনিয়ত কৃষকদের চাহিদা অনুযায়ী তেলের ব্যবস্থা করছেন এবং সঠিক সময়ে তা পৌঁছে দিচ্ছেন। ফলে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নির্বিঘ্নে কৃষিকাজ চালিয়ে যেতে পারছেন।
এ উদ্যোগের ফলে সালথা উপজেলার কৃষকরা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেক কৃষক জানান, সময়মতো তেল না পেলে সেচ কার্যক্রম ব্যাহত হতো, যার ফলে ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতি হতে পারত। ইউএনওর এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, “সালথা উপজেলার মানুষের কল্যাণে আমি সর্বদা কাজ করে যাব ইনশাআল্লাহ। কৃষকদের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সবার সহযোগিতা পেলে আরও ভালোভাবে কাজ করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, সাধারণ মানুষের উপকারে আসে এমন প্রতিটি উদ্যোগ গ্রহণে প্রশাসন বদ্ধপরিকর। কৃষি খাতকে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।














