মেয়র নির্বাচন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় অভিজ্ঞ বিএনপি নেতা
কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচন: আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা সাইয়েদ আহম্মেদ বাবু
- আপডেট সময় : ১১:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম পৌরসভার আসন্ন মেয়র নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন বিএনপির দীর্ঘদিনের সক্রিয় নেতা সাইয়েদ আহম্মেদ বাবু। দলীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে ঘিরে জোর আলোচনা চলছে নেতাকর্মীদের মাঝে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে নারাজ তিনি। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
দলীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে আস্থা রেখে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি।
জানা যায়, প্রায় ১২ বছর কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইয়েদ আহম্মেদ বাবু। এছাড়া ১৬ বছর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ তিনি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক, জেলা যুবদলের সদস্য এবং ছাত্রদলের রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি। জেলার আইন-শৃঙ্খলা কমিটি, মাদক প্রতিরোধ কমিটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে মেয়র পদে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অবহেলিত ও দারিদ্র্যপীড়িত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তার ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত।
এ বিষয়ে সাইয়েদ আহম্মেদ বাবু বলেন, “এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। উপকার করতে হলে নির্বাচনে অংশ নেওয়াই একমাত্র পথ নয়। তবে জনগণ চাইলে ভবিষ্যতে প্রার্থিতা বিবেচনা করবো।”
তিনি আরও বলেন, “দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে কুড়িগ্রাম পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করব। একটি আধুনিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়াই হবে আমার লক্ষ্য।”
এদিকে, কুড়িগ্রাম পৌরসভা-এর রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘ সময় মাঠে সক্রিয় থাকা নেতাদের মধ্যে সাইয়েদ আহম্মেদ বাবুর অবস্থান উল্লেখযোগ্য হলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও জনসমর্থনই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ পথচলা।














