ফরিদপুর সফরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
তেল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সরকারের বড় সফলতা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
- আপডেট সময় : ১০:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় দিনব্যাপী সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন, দেশে তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়া বর্তমান সরকারের একটি বড় সফলতা।
শনিবার (৪ এপ্রিল) সফরকালে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
দিনের শুরুতে তিনি ঢাকা থেকে সড়কপথে নগরকান্দা উপজেলা পৌঁছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসে কিছু অনিয়মের অভিযোগ উঠে এলে তিনি বলেন, “এসব কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” একই সঙ্গে নগরকান্দা ও সালথা উপজেলা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
তিনি প্রশাসনকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন এবং সরকারি সেবার মান উন্নয়নের ওপর জোর দেন।
পরে সালথা উপজেলায় গিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
বিকেলে সালথায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী বলেন, কোথাও দুর্নীতি দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।
দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।






















