দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল সংযোগে কুড়িগ্রামে যুবদলের নেতৃত্বে আলোচনায় লিটু
কুড়িগ্রামে তৃণমূল থেকে উঠে আসা নেতা মোর্শেদ হোসেন লিটু আলোচনায়, যুবদলের আহ্বায়ক/সভাপতি পদে জোরালো প্রার্থী
- আপডেট সময় : ১০:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজনীতিতে আবারও আলোচনায় উঠে এসেছেন তৃণমূল থেকে উঠে আসা পরিচিত মুখ মোঃ মোর্শেদ হোসেন (লিটু)। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠনের প্রতি দৃঢ় দায়বদ্ধতার কারণে তিনি বর্তমানে কুড়িগ্রাম জেলা যুবদলের আহ্বায়ক/সভাপতি পদপ্রার্থী হিসেবে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনার কেন্দ্রে রয়েছেন।
বর্তমানে কোনো পদে না থাকলেও নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে দলীয় স্বার্থে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে তার উপস্থিতি তাকে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন মোর্শেদ হোসেন লিটু। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় কুড়িগ্রাম মজিদা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে। পরবর্তীতে তিনি কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেন।
২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুবাহী ট্রাক দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় কুড়িগ্রামে একমাত্র তিনিই কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিল বের করেন, যা স্থানীয় রাজনীতিতে তাকে সাহসী নেতা হিসেবে পরিচিত করে তোলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এসব বিষয় তাকে তৃণমূল নেতাকর্মীদের কাছে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে পরবর্তীতে জেলা যুবদলের নতুন কমিটিতে অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি সদস্য পদ থেকেও বঞ্চিত হন বলে অভিযোগ রয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতার কারণে তিনি আহ্বায়ক/সভাপতি পদে একজন শক্তিশালী প্রার্থী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা নেতাদের মধ্যে মোর্শেদ হোসেন লিটুর অবস্থান উল্লেখযোগ্য। তবে দলীয় অভ্যন্তরীণ প্রতিযোগিতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতাই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ পথচলা।














