ডুলাহাজারায় ঘের বিরোধের জেরে সশস্ত্র হামলা, নিহত ঘের মালিক—আতঙ্কে স্থানীয়রা
চকরিয়ায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, মধ্যরাতে লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে মনজুর আলম প্রকাশ কালো (৫৫) নামের এক ঘের মালিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে মৎস্য ঘের নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা মনজুর আলমের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মধ্যরাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত মনজুর আলম ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ঘের দখলকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ হত্যাকাণ্ড সেই বিরোধেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে।
চকরিয়া থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






















