তদন্ত কমিটির প্রতিবেদন ঘিরে বাড়ছে উত্তেজনা, সরাসরি জবাব দিতে পারেন বিসিবি সভাপতি
ক্রিকেট প্রশাসনে ঝড়, দেশে ফিরলেন বিসিবি সভাপতি
- আপডেট সময় : ০৮:৩৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। (২৮ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিসিবির একাধিক পরিচালক তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোজার আগেই নীরবে দেশ ছাড়েন বুলবুল। তার দীর্ঘ অনুপস্থিতি এবং বিদেশ থেকে দায়িত্ব পালন নিয়ে ক্রিকেট অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। বোর্ড সূত্রে জানা যায়, ঈদের পর ২৬ বা ২৭ মার্চ তার ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুই দিন পর দেশে ফেরেন তিনি।
বর্তমানে বিসিবির গত অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। ঢাকার বিভিন্ন ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একাধিক সংগঠক ওই নির্বাচনকে ‘অবৈধ ও অস্বচ্ছ’ দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও নানা অনিয়ম ঘটেছে।
এই অভিযোগের প্রেক্ষিতে এনএসসি অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
তদন্তের স্বার্থে ইতোমধ্যে অনলাইনে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করেছে কমিটি। তবে এখন তিনি দেশে ফেরায় সরাসরি তার বক্তব্য নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে নিয়মবহির্ভূতভাবে কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিসিবি সভাপতির দেশে ফেরা এবং আসন্ন তদন্ত প্রতিবেদন—এই দুই বিষয়ই এখন নির্ধারণ করবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রশাসনিক পরিস্থিতি।






















