বিতর্কিত অতীতের ছায়ায় আল-আমিন পার্ক: পুনরায় চালু ঠেকাতে ঐক্যবদ্ধ এলাকাবাসী
যশোরের মণিরামপুরে বিতর্কিত আল-আমিন পার্ক পুনরায় চালুর চেষ্টা: অসামাজিক কার্যকলাপের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ
- আপডেট সময় : ০৫:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

যশোরঃ যশোরের মণিরামপুর পৌর শহরের ৫নং ওয়ার্ড (তাহেরপুর) রাজগঞ্জ রোড সংলগ্ন দীর্ঘদিন বন্ধ থাকা বিতর্কিত “আল-আমিন পার্ক” পুনরায় চালুর উদ্যোগকে ঘিরে নতুন করে উত্তেজনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে পার্কটির বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, মাদক লেনদেনসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী ও সচেতন মহল একত্রিত হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট পার্কটি বন্ধ করে দেয়।
অভিযোগ রয়েছে, সাবেক স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় মোঃ আব্দুর রহমান দীর্ঘদিন ধরে পার্কটি পরিচালনা করে আসছিলেন। বর্তমানে তিনি ও তার পুত্র আল-আমিন হোসেন পুনরায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পার্কটি চালুর জন্য বিভিন্ন মহলে তৎপরতা চালাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, পার্কটির জমি নিয়ে একাধিক শরীকদের মধ্যে বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তবুও প্রভাব খাটিয়ে এককভাবে পার্কটি চালুর চেষ্টা করা হচ্ছে।
এদিকে পার্কটির চারপাশে আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তারা আশঙ্কা করছেন, পুনরায় পার্ক চালু হলে আগের মতোই অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে।
পূর্বে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পার্কটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে। এছাড়া পার্ক সংশ্লিষ্ট ঘটনায় অতীতে মামলা ও হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি বিষয়টি নতুন করে আলোচনায় আসায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকরা পার্কটি পুনরায় চালু না করার দাবি জানিয়েছেন। প্রয়োজনে মানববন্ধনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।














