জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
- আপডেট সময় : ১০:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামঃ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে কুড়িগ্রামে আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় তরুণ নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
সম্প্রতি কুড়িগ্রামের একটি এলাকায় আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচিতে অংশ নেন কুড়িগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর বড় ছেলে এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ওয়ায়েস কারণি। এছাড়াও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আয়নাল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে এসে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা জানান, তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা আরও বৃদ্ধি পায়।






















