নিহত প্রবাসীর পরিবারকে সরকারের সহায়তা, মরদেহ দ্রুত দেশে আনার দাবি স্বজনদের
সৌদিতে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে প্রবাসী কল্যাণমন্ত্রীর সমবেদনা, ৩ লাখ টাকা অনুদান ও স্থায়ী বাসস্থানের আশ্বাস
- আপডেট সময় : ০৯:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ |
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন।

গত মঙ্গলবার (১৭ মার্চ) মাগরিবের পর কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাড়িতে গিয়ে নিহত বাচ্চু মিয়ার পরিবারকে সমবেদনা জানান মন্ত্রী। এ সময় তিনি নিহতের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে ৩ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন।
শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে রয়েছে।
প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং বিদেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া নিহতের তিন সন্তানের লেখাপড়ার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে এবং পরিবারটিকে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি আরও জানান, পরিবারটির স্থায়ীভাবে বসবাসের জন্য নিরাপদ জায়গার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদেশে অবস্থানরত শ্রমিকদের সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবি বা ভিডিও প্রচার না করারও আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা, কটিয়াদী থানার ওসি মাহবুবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে মো. বাচ্চু মিয়া নিহত হন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।














