ঈদযাত্রায় বাড়ছে যাত্রীচাপ, স্পিডবোটে অতিরিক্ত যাত্রী ও বাড়তি ভাড়ায় ক্ষোভ
ভেদুরিয়া–বরিশাল নৌরুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পরিবহন, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
- আপডেট সময় : ০৭:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

ভোলা | ভোলা-বরিশাল নৌরুটের ভেদুরিয়া লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং স্পিডবোটে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে। এতে করে যাত্রীদের আর্থিক ক্ষতির পাশাপাশি নৌযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটে যেখানে ৫ টাকার টিকিট নেওয়ার কথা, সেখানে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হচ্ছে। প্রতিদিন শত শত যাত্রী এই অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে নিম্নআয়ের যাত্রীদের ওপর এর প্রভাব বেশি পড়ছে।
যাত্রীদের অভিযোগ, টিকিটে নির্ধারিত মূল্য উল্লেখ থাকলেও তা কার্যকর করা হচ্ছে না। ঘাটে দায়িত্বরত সংশ্লিষ্ট ব্যক্তিদের সামনেই অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
এদিকে, ভেদুরিয়া-বরিশাল নৌরুটে চলাচলকারী স্পিডবোটগুলোতেও ধারণক্ষমতার বেশি যাত্রী তোলা হচ্ছে। ফলে নৌযাত্রা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই যাত্রী পরিবহন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক যাত্রী জানান, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় এই অনিয়ম আরও বেড়েছে। দ্রুত যাতায়াতের সুবিধা দেখিয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে স্পিডবোটগুলো চলাচল করছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
স্থানীয় সচেতন মহল ভাড়া নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাত্রী পরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।














