পরিবর্তনের জল্পনা উড়িয়ে অভিজ্ঞ রাহানেকেই আবার নেতৃত্বে রাখল কলকাতা নাইট রাইডার্স
IPL 2026: কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে, শাহরুখ খানের দলের নেতৃত্বে অভিজ্ঞতার ভরসা
- আপডেট সময় : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

আসন্ন আইপিএল ২০২৬ মরসুমকে সামনে রেখে অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দল পরিচালনার দায়িত্ব আবারও তুলে দেওয়া হল অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানের হাতে।
গত মরসুমে প্রত্যাশিত ফল করতে ব্যর্থ হওয়ার পর কেকেআর শিবিরে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে। প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়নি। পাশাপাশি সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ার এবং বোলিং কোচ ভরত অরুণকেও দলে রাখা হয়নি। ফলে অধিনায়কত্ব নিয়েও পরিবর্তনের জোর জল্পনা তৈরি হয়েছিল।
তবে সেই সব জল্পনাকে উড়িয়ে দিয়ে কেকেআর কর্তৃপক্ষ অভিজ্ঞতার উপরই ভরসা রেখেছে। দলের নতুন কোচ অভিষেক নায়ারের পরামর্শে অজিঙ্ক রাহানেকেই আবার অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।
বর্তমানে কেকেআর দলে রয়েছেন আকাশদীপ, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহের মতো প্রতিভাবান ভারতীয় ক্রিকেটাররা। পাশাপাশি বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন সুনীল নারাইন, ক্যামেরন গ্রিন এবং রভম্যান পাওয়েলের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। ফলে দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রাহানে। গত আইপিএলেও ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন তিনি। তাই নতুন মরসুমে তার নেতৃত্বে কেকেআর কতটা সাফল্য পায়, এখন সেটাই দেখার।






















