পরিচ্ছন্ন পরিবেশ গড়তে স্বেচ্ছাশ্রমে যুবকদের উদ্যোগ
ভোলাহাটে ৭০০ মিটার সরকারি রাস্তার ড্রেন পরিষ্কার করল মুশরীভূজা আইসিএম যুব উন্নয়ন ক্লাব
- আপডেট সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

এম. এস. আই শরীফ |
ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সরকারি রাস্তার পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনায় ভরা প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার ড্রেন পরিষ্কার করেছে সামাজিক সংগঠন মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাবের সদস্যরা।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী ক্লাবটির উদ্যোগে সরকারি রাস্তার ধারে অবস্থিত ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার এই কর্মসূচি পরিচালিত হয়। এতে ক্লাবের সভাপতি আলহাজ্ব মো. সারওয়ার জাহান মাস্টার, সেক্রেটারি মো. হাফিজুর রহমানসহ প্রায় ৬০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

এ সময় ক্লাবের সভাপতি আলহাজ্ব মো. সারওয়ার জাহান মাস্টার বলেন, এলাকার উন্নয়ন এবং মানবকল্যাণের লক্ষ্য নিয়ে ২০০৭ সালে স্থানীয় যুবকদের নিয়ে মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাব প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০১৯ সালে উপজেলা যুব উন্নয়ন দপ্তর থেকে ক্লাবটি সরকারি নিবন্ধন লাভ করে এবং সেই থেকে নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, ক্লাবটি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায় কাজ করছে। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের আর্থিক সহযোগিতা এবং কৃষকদের কৃষিকাজে সহায়তা প্রদানসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, প্রশাসনের সহযোগিতা পেলে সংগঠনটির সদস্যরা সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে পারবে।
তিনি জানান, আগামী ২৭ রমজানে এলাকার প্রায় ১০০টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা এবং চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হবে। অতীতের মতো ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






















