কুড়িগ্রাম-চিলমারী সড়কের আনন্দবাজার এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল দুর্ঘটনা: ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- আপডেট সময় : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তফা মিয়া (৬২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফটিক মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মোস্তফা মিয়া দুর্গাপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের আনন্দবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














