ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় নারীদের পাশে দাঁড়াল স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন
আমতলীতে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন
- আপডেট সময় : ০৭:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু |
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ বস্ত্র বিতরণ করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক অসহায় নারীর মাঝে ঈদ বস্ত্র তুলে দেওয়া হয়।

মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের উত্তর রাওঘা সততা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র নারীদের মাঝে নতুন ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা মোঃ তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সজিব, অর্থ সম্পাদক আলামিন, শুভাকাঙ্ক্ষী আল-শাহরিয়ার তমাল এবং সংগঠনের সদস্য সোহেল সিকদার, মোঃ বাইজিদ আকাশসহ অন্যান্য সদস্যরা।
ঈদ বস্ত্র পেয়ে অসহায় নারীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। অনেকেই সংগঠনের এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “আমরা চাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে। আমাদের সামর্থ্য সীমিত হলেও মানুষের জন্য কিছু করার আন্তরিক চেষ্টা সবসময় থাকবে। তরুণদের সম্মিলিত উদ্যোগেই একদিন একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব—এই বিশ্বাস আমাদের রয়েছে।”
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির সদস্যরা।






















