ইফতারের আগে শ্রমিক ক্যাম্পে বিস্ফোরণ; দুই কন্যা সন্তানের জনক ছিলেন নিহত বাচ্চু মিয়া
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী যুবক বাচ্চু মিয়ার মৃত্যু
- আপডেট সময় : ০১:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার এক প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম বাচ্চু মিয়া (৩৫)। রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে আল তোয়াইক বলদিয়া কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি প্রবাসে পাড়ি জমান।
স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, রবিবার ইফতারের আগে শ্রমিকদের আবাসিক ক্যাম্পে হঠাৎ একটি মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে অবস্থানরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়।
সোমবার (৯ মার্চ) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার। সৌদি আরবে তার সঙ্গে কর্মরত সহকর্মীরা জানান, ঘটনার সময় বাচ্চু মিয়া কর্মস্থলের ক্যাম্পেই অবস্থান করছিলেন। বিস্ফোরণের পর সহকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। প্রবাসে তার এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে বাচ্চু মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি পশ্চিম ফেকামারা গ্রামে শোকের আবহ সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।














