মিনহাজদিয়া গ্রামে পুলিশের বিশেষ অভিযান; বিশৃঙ্খলার পরিকল্পনার অভিযোগ
ফরিদপুরের সালথায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্যা গ্রেফতার, বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ
- আপডেট সময় : ০১:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই নেতার নাম মো. সিরাজ মোল্যা (৫২)। তিনি উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গতকাল রবিবার (৮ মার্চ) দুপুরে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া সিরাজ মোল্যা মিনহাজদিয়া গ্রামের মৃত আবুল হাশেম মোল্লার ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সিরাজ মোল্যা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে মিনহাজদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।














