পারিবারিক কলহের জেরে ফরিদপুরের নগরকান্দায় প্রবাসীর স্ত্রী মুন্নী বেগমের রহস্যজনক আত্মহত্যা
ফরিদপুরের নগরকান্দায় গলায় রশি দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, রহস্য উদঘাটনে তদন্ত শুরু
- আপডেট সময় : ১১:১৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গলায় রশি দিয়ে মুন্নী বেগম (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী রাকিবের স্ত্রী মুন্নী বেগম দীর্ঘদিন ধরে পারিবারিক টানাপোড়েনের মধ্যে ছিলেন। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তানের জন্ম হলেও প্রথম প্রতিবন্ধী সন্তানটি মারা যায়। পরে দুই কন্যা সন্তান—রুপা আক্তার (১৩) ও মালিহা (৪) কে নিয়ে সংসার করছিলেন মুন্নী।
পরিবারের সদস্যরা জানান, রাকিব ইতালি থেকে নিয়মিত টাকা পাঠালেও গত কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়। এ কারণে মুন্নী বেগম কিছুদিন আগে বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেন।
ঘটনার দিন মুন্নী তার বড় মেয়ে রুপাকে নিয়ে ফরিদপুর শহর থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরেন। এরপর ঘরের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিছুক্ষণ পরে তার মা মালেকা বেগম বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত শংকরপাশা বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তালমা বাজারের একজন ডাক্তারের কাছে নেওয়ার পথে মুন্নী বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার এসআই রবিউল ইসলাম জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং ঘটনার রহস্য উদঘাটন করা হবে।”
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।














