সীমান্ত দিয়ে তেল পাচার বন্ধে বিজিবির কঠোর পদক্ষেপ
সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির চেকপোস্ট, নজরদারি জোরদার
- আপডেট সময় : ১০:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ মার্চ) থেকে সীমান্ত এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ট্রাকগুলোতে থাকা জ্বালানি তেলের পরিমাণ চেকপোস্টে পরিমাপ করা হচ্ছে।
একইসঙ্গে খালি ট্রাক ভারতে ফেরত যাওয়ার সময় বাংলাদেশ থেকে কোনো ধরনের জ্বালানি তেল পাচার হচ্ছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম-এর নেতৃত্বে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজিবি জানায়, দেশের মূল্যবান জ্বালানি সম্পদ যাতে সোনামসজিদ স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার না হয়, সে লক্ষ্যেই এই বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সীমান্ত এলাকায় তেল পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।














