নওগাঁ কাঁঠালী গ্রামের সরকারি রাস্তা কেটে নিজের জমিতে যুক্ত করলেন ভূমি খেকো আব্দুল হামিদ
পাঁচবিবিতে ভূমি খেকো আলহাজ্ব আব্দুল হামিদ সরকারি রাস্তা কেটে নিজের জমিতে যুক্ত
- আপডেট সময় : ০৫:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

মোঃবাবুল হোসেন | পাঁচবিবি,জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঁঠালী গ্রামে সাধারণ মানুষের চলাচলের সরকারি রাস্তা কেটে নিজের জমির সঙ্গে যুক্ত করেছেন ভূমি খেকো আলহাজ্ব আব্দুল হামিদ মন্ডল। রাস্তা কাটার সময় স্থানীয়রা বাধা দিলেও তিনি তাদেরকে শানিয়েছেন।
আলহাজ্ব আব্দুল হামিদ মন্ডল পাশ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার অহিওরা গ্রামের মৃত নজির মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার নওগাঁ কাঠালী গ্রামের সরকারি রাস্তার সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল করতে সমস্যা হচ্ছে। কিছু সামর্থ্যবান ব্যক্তি ও স্থানীয় ইউপি সদস্য রাজু আহম্মেদ প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয় করে রাস্তাটিকে মেরামত করেছিলেন।
গ্রামবাসীরা সাংবাদিকদের বলেন, রাস্তা কেটে জমিতে নামালে আমরা বাধা দিই, তারপরও আমাদের কথা শোনা হয়নি। বরং গালিগালাজ করা হয়েছে এবং বলা হয়েছে, “সরকার আছে আমি আছি, তোমাদের কি?”
অভিযোগের উত্তরে আলহাজ্ব আব্দুল হামিদ মন্ডল বলেন, “সরকারি রাস্তার পাশে আমার জমি আছে। রাস্তার পূর্ব-উত্তর অংশ আমার জমির দিকে নেমে আসায় কেটে দিয়েছি। সরকার চাইলে আমি দিতে পারি।”
স্থানীয় ইউপি সদস্য রাজু আহম্মেদ বলেন, “মানুষের কষ্টের কথা বিবেচনা করে সরকারী অর্থ না থাকলেও নিজের অর্থ ব্যয় করে রাস্তাটি মেরামত করেছি। এভাবে রাস্তা কাটা কোনো মানুষের কাজ হতে পারে না। বিষয়টি চেয়ারম্যানকে জানাবো।”
আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ জানান, বিষয়টি শুনেছেন এবং ইউএনওকে জানানো হবে।






















