দূর্গাপুরে তেল বাজারে অভিযান: অতিরিক্ত দামে বিক্রি ও মজুদ প্রতিরোধে দুই ব্যবসায়ীকে জরিমানা
দূর্গাপুরে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা
- আপডেট সময় : ০২:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৯২ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার (৬ মার্চ ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে বিভিন্ন বাজারে তেলের বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
অভিযানের সময় খোলা তেল বিক্রি এবং অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে দুইজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বাজারে অবৈধভাবে তেল মজুদ হচ্ছে কি না তা যাচাই করা হয়। ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স নবায়ন এবং তেল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার লায়লা নূর তানজু বলেন, “জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং চালানো হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”














