ইফতারের পর অসুস্থ হয়ে সেহরির পরে মৃত্যু; মরদেহ দেশে আনতে সরকারের সহায়তা চায় পরিবার
স্বপ্নভাঙা প্রবাস জীবন—ইরাকে ফেনীর যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় ফেনীর এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মেহেদি হাসান নাহিদ (২১)। তিনি ফেনী জেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পর নাহিদসহ চারজন বাংলাদেশি একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতের দিকে তারা বাসায় ফিরে সেহরি খাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়েন। এ সময় নাহিদসহ আরও দুইজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাথমিকভাবে ধারণা করছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে দূতাবাস কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান করছে।
পরিবার সূত্রে জানা গেছে, নাহিদ গত বছরের অক্টোবর মাসে তার বাবা মোহাম্মদ মাহবুবুল হকের সঙ্গে কাজের সন্ধানে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যান। তার বাবা দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত আছেন।
নাহিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে পরিবারটি চরম মানসিক ও আর্থিক সংকটে রয়েছে।
নাহিদের মা হোসনে আরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শেষবারের মতো আমার সন্তানের মুখ দেখতে চাই। তাকে যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়—এটাই সরকারের কাছে আমাদের আবেদন।”
এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি জানানো হলে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এদিকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন নিহত নাহিদের স্বজনরা।






















