ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ: সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার প্রতীক
বদর দিবস: ইসলামের ইতিহাসে গৌরবময় আত্মরক্ষামূলক বিজয়ের দিন
- আপডেট সময় : ১০:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

মোঃ আবদুল্লাহ (আল-মামুন) | যশোর প্রতিনিধিঃ
ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ একটি অবিস্মরণীয় ও গৌরবময় অধ্যায়। ২ হিজরির ১৭ রমজান, খ্রিষ্টাব্দ ১৭ মার্চ ৬২৪ সালে মদিনার মুসলমান ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত এই যুদ্ধে মুসলিম উম্মাহ নতুন আত্মবিশ্বাস, সাহস ও শক্তির দিগন্ত উন্মোচন করেছিল।
রমজানের পবিত্র মাসে সংঘটিত এই যুদ্ধকে ইসলামের প্রথম প্রধান আত্মরক্ষামূলক সশস্ত্র সংগ্রাম হিসেবে বিবেচনা করা হয়। ইতিহাসে দেখা যায়, মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা সীমিত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১০০০ জন সুসজ্জিত কুরাইশ বাহিনীর মুখোমুখি হন।
কুরাইশদের ছিল ১০০টি ঘোড়া ও প্রায় ৭০০টি উট, আর মুসলমানদের ছিল মাত্র ২টি ঘোড়া ও ৭০টি উট। তবুও ঈমান, দৃঢ়তা এবং আল্লাহর উপর বিশ্বাসে মুসলিমরা বিজয় অর্জন করেন।এই যুদ্ধে মুসলিমদের ১৪ জন সাহাবি শহীদ হন, আর কুরাইশ বাহিনীর ৭০ জন নিহত ও ৭০ জন বন্দী হয়।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন:
“বদরের যুদ্ধে যখন তোমরা ছিলে হীনবল, তখন আল্লাহই তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।” (সূরা আলে ইমরান: ১২৩)
যুদ্ধের সময়, স্থান ও ফলাফল:
তারিখ: ১৭ রমজান, ২ হিজরি / ১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ
স্থান: বদর উপত্যকা, মদিনা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণ-পশ্চিম
ফলাফল: মুসলমানদের ঐতিহাসিক বিজয়
বিবাদমান পক্ষ:
মুসলিম বাহিনী: হযরত মুহাম্মদ (সা.), হযরত আবু বকর (রা.), হযরত উমর ইবনুল খাত্তাব (রা.), হযরত হামজা ইবনে আবদুল মুত্তালিব (রা.), হযরত আলী ইবনে আবি তালিব (রা.)
কুরাইশ বাহিনী: আবু জাহল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ
বদরের যুদ্ধ কেবল সামরিক বিজয় নয়; এটি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার অনন্য দৃষ্টান্ত। মুসলিমদের ঐক্য, ত্যাগ এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের প্রতীক হিসেবে এই দিনটি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আছে। প্রতি বছর ১৭ রমজান মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হয়।














