শ্রীকৃষ্ণের দোলযাত্রা ঘিরে কীর্তন, দোল পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণ
রাউজানে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসব
- আপডেট সময় : ০১:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ | রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ
ভগবান শ্রীকৃষ্ণের শুভ দোলযাত্রা উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, দোল পূজা ও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাউজান উপজেলার পশ্চিম গুজরার শীলপাড়ায় স্বর্গীয় কালু শীলের বাড়িতে গত ২ ও ৩ মার্চ ২০২৬ (সোমবার ও মঙ্গলবার) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই মহোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচিতে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, দোল পূজা, হলি উৎসব, দোল পরিক্রমা, মঙ্গল শোভাযাত্রা, গঙ্গা আহ্বান, শ্রীকৃষ্ণ লীলাকীর্তন, শুভ অধিবাস কীর্তন ও পাল্টা কীর্তন। এছাড়াও শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং দিনব্যাপী ও রাতব্যাপী অন্নপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়।
মহোৎসবের প্রথম দিন সকালে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। পরে গীতাপাঠ, মহানাম সংকীর্তন ও ভক্তিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।
দ্বিতীয় দিনে শ্রীকৃষ্ণের দোল পূজা, ঠাকুরের রাজভোগ নিবেদন, দোল পরিক্রমা এবং পাল্টা কীর্তনের মাধ্যমে উৎসবের মূল পর্ব সম্পন্ন হয়। রাতে মহাপ্রসাদ বিতরণ ও ভক্তদের অংশগ্রহণে কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উক্ত ধর্মীয় মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে মহোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।






















