প্রথম স্বামী এসে চিৎকার-চেঁচামেচি করলে এলাকায় উত্তেজনা, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে
মণিরামপুরে পরকীয়া ও পালিয়ে বিয়েকে কেন্দ্র করে উত্তেজনা, দেরিতে পুলিশ আসায় এলাকাবাসীর ক্ষোভ
- আপডেট সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন | যশোর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর পৌরসভার বিজয়রামপুর মধ্যপাড়া এলাকায় এক গৃহবধূকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সময়মতো পুলিশ না পৌঁছানো নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মণিরামপুর সদর ইউনিয়নের ফতেয়াবাদ হাজরাকাটি গ্রামের শাহিনের ছেলে হাসান পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের বাসিন্দা রাসেলের স্ত্রী মিষ্টি খাতুনকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করেন। পরে তারা মণিরামপুর পৌরসভার বিজয়রামপুর মধ্যপাড়ায় মৃত খোদা বক্সের ছেলে মিনারুলের বাড়িতে আত্মগোপন করেন।
এদিকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে মিষ্টি খাতুন তার প্রথম স্বামী রাসেলকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে রাসেল ঘটনাস্থলে এসে চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সময় ওই এলাকার বাসিন্দা ও দৈনিক সকালবেলা এবং আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি দেখে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খানকে ফোন করে বিষয়টি অবহিত করেন। অভিযোগ রয়েছে, থানার দূরত্ব কম হলেও প্রায় ৪৫ মিনিট পার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।
পরে আবারও ফোন করলে ওসির পক্ষ থেকে ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে স্থানীয়দের পক্ষ থেকে একাধিকবার থানায় যোগাযোগ করার পর প্রায় এক ঘণ্টা পরে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে এলাকাবাসী জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। দেরিতে পুলিশ পৌঁছানোয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।














