মাদক চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ-মরিচ গুঁড়ার বস্তায় লুকানো ১৭৪ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ, আটক ১
- আপডেট সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পৃথক দুইটি অভিযানে মোট ১৭৪ বোতল ফেন্সিডিলের বিকল্প Eskuf DX সিরাপ উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৭ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় লিটু মিয়ার মসলা মিলের পশ্চিম পাশে একটি গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে মোঃ ইব্রাহিম (৫০) নামের এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।
পরে তার কাছে থাকা ১১টি হলুদ ও মরিচ গুঁড়ার বস্তা তল্লাশি করে ফেন্সিডিলের বিকল্প ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ছোট বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নান এর ছেলে বলে জানা গেছে।
অন্যদিকে একই রাতে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস এর প্রায় ১০০ গজ ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চক্র পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় Eskuf DX সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গত তিন মাসে এই ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ৪ হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।






















