আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তদন্তে পুলিশ ও সিআইডি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের তীরে গাছে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

মোঃ জাকারিয়া হোসেন |
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদের তীরবর্তী একটি গাছ থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরার কুটি হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে সকাল ৯টার দিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত ব্যক্তি স্থানীয় নন। স্থানীয় কেউ হলে তাকে অনেকেই চিনতে পারতেন। তবে কেউ কেউ সন্দেহ করছেন, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি তদন্তে সিআইডি বিভাগও কাজ করছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন বলেন, “এটি আত্মহত্যা হতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।














