ম্যাচ ফিক্সিং অভিযোগে দীর্ঘদিন উপেক্ষিত জাতীয় দলের সাবেক ওপেনারের ক্ষোভ প্রকাশ
সম্মান ফেরত চান এনামুল হক বিজয়, না হলে ক্রিকেট ছাড়ার ঘোষণা
- আপডেট সময় : ০৯:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয় সম্মানহানির অভিযোগ তুলে ক্রিকেট ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। ম্যাচ ফিক্সিং ইস্যুতে গত দুই বছর ধরে আলোচনা-সমালোচনার মধ্যে থাকা এই ডানহাতি ব্যাটার সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ড্রাফটে দল পাননি।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় বলেন, সম্মান ফিরে না পেলে তিনি আর ক্রিকেটে ফিরবেন না।
বিজয়ের দাবি, কোনো প্রমাণ ছাড়াই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তার নাম জড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সমাধান চাইলেও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পাননি।
তিনি বলেন, ‘আমার ক্রিকেট খেলার দরকার নাই। সম্মানের জন্যই ক্রিকেটে আসা। সম্মান না পেলে খেলব না আর। জাতীয় দলে ১০-১২ বছর ধরে খেলছি। অনূর্ধ্ব-১৯ দল ও এ দলের অধিনায়কত্ব করেছি। ফার্স্টক্লাস ক্রিকেটে ৫১টি সেঞ্চুরি আছে। আমি উড়ে এসে জুড়ে বসা প্লেয়ার না।’
এদিকে চলমান বিসিএল ওয়ানডে ফরম্যাটের ফাইনালে খেলার সুযোগ পেলেও বিপিএলে দল না পাওয়ার ক্ষোভে তিনি অংশ নেননি। বিজয়ের অভিযোগ, আগের বিপিএলের বকেয়া পারিশ্রমিকও এখনো পরিশোধ করা হয়নি। ফলে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকায় আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন তিনি।
বিজয় আরও বলেন, ‘আমি দোষ করলে বলুক, প্রকাশ করুক। দোষ করলে আমি এতটা আত্মবিশ্বাসী থাকতাম না। আমার পেমেন্টও বাকি বিপিএলের। কোনো টুর্নামেন্ট খেলছি না, কোনো আয় নেই। বোর্ডের দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু সমাধান পাচ্ছি না।’
ক্রিকেটাঙ্গনে বিজয়ের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং জাতীয় দলের এই সাবেক ওপেনারের ভবিষ্যৎ কোন পথে এগোয়।














