অস্ত্রের মুখে জিম্মি করে লুট, রাউজানে প্রবাসী পরিবারের ওপর ভয়াবহ হামলা
রাউজানে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি: অস্ত্র ঠেকিয়ে ৫১ ভরি স্বর্ণ ও ২ লাখ ২০ হাজার টাকা লুট, আহত ৪
- আপডেট সময় : ০৯:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ | রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় এক প্রবাসী পরিবারের ঘরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, ৫১ ভরির অধিক স্বর্ণালংকার এবং ৪টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।ডাকাতদের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের গোরাছা ফকির পাড়ায় বৃদ্ধ হাজী জহির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। গৃহকর্তা হাজী জহির আহমদকে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। তার স্ত্রী শামসুন নাহারের মুখে টিস্যু গুঁজে দিয়ে মাথা ও পিঠে আঘাত করে রক্তাক্ত করা হয়।
দ্বিতীয় তলায় অবস্থানরত পুত্রবধূ রিনা আক্তার জানান, ডাকাতরা তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলের মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে স্প্রে ব্যবহার করে তাকে ও সন্তানদের অজ্ঞান করে ফেলে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে ঘরের ভেতর তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে তারা পালিয়ে যায়।
ডাকাতদের হামলায় হাজী জহির আহমদ, তার স্ত্রী শামসুন নাহার, পুত্রবধূ রিনা আক্তার এবং কলেজ পড়ুয়া নাতি রাতুল আহত হন। আহতরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা ধাওয়া দিলে তারা পার্শ্ববর্তী বিলের দিকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. আকতার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।














