রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ডাম্পারের চাকায় পিষ্ট
বাঁশখালীতে বালুবাহী ট্রাকের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০২:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

মোনতাহেরুল হক আমিন |
বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বালুভর্তি ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইশফা আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশফা আক্তার ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার হাফেজ আমান উল্লাহর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পিতা ইফতার সামগ্রী কিনতে জালিয়াঘাটা মুন্সী হাট বাজারের একটি দোকানে গেলে তার পেছন পেছন দৌড়ে আসে ইশফা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক ডাম্পার তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা-র অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা দ্রুতগতির ট্রাক চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।














