যশোরের মণিরামপুরে জন্মগত ত্রুটিতে অতিরিক্ত চার পা, দেখতে হাসপাতালে জনতার ভিড়
যশোরের মণিরামপুরে আট পা-ওয়ালা ছাগলছানার জন্ম, বিরল ঘটনায় হাসপাতালে মানুষের ঢল
- আপডেট সময় : ০৯:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন | যশোর প্রতিনিধিঃ
যশোরের যশোর জেলার মণিরামপুর উপজেলায় বিরল এক ঘটনার জন্ম দিয়েছে আট পা-ওয়ালা একটি ছাগলছানা। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ছাগলছানাটির জন্ম হয়। অস্বাভাবিক এই জন্মের খবর দ্রুত ছড়িয়ে পড়লে পশু হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে ছাগলটির মালিক তাকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন। ছাগলের শারীরিক অবস্থা জটিল হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।
সফল অস্ত্রোপচারের পর দেখা যায়, নবজাতক ছাগলছানাটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি অতিরিক্ত আরও চারটি পা রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, অস্ত্রোপচারের পর মা ছাগল বর্তমানে সুস্থ আছে। নবজাতক ছাগলছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
চিকিৎসকদের মতে, এটি একটি জন্মগত শারীরিক গঠনগত ত্রুটি (Congenital Physical Anomaly)। ভ্রূণ গঠনের সময় জটিলতার কারণে এ ধরনের অতিরিক্ত অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হতে পারে। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল হলেও চিকিৎসা বিজ্ঞানে এর নজির রয়েছে।
বিরল এই ছাগলছানাকে দেখতে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ হাসপাতালে ভিড় করছেন। অনেক প্রত্যক্ষদর্শী একে প্রকৃতির বিস্ময়কর নিদর্শন বা মহান আল্লাহর সৃষ্টির ব্যতিক্রমী ঘটনা হিসেবে উল্লেখ করছেন।
দর্শনার্থীদের চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, ছাগলছানাটির জীবন রক্ষায় সর্বোচ্চ চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।














