সিসিটিভি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান, বিভিন্ন জেলা থেকে উদ্ধার বিপুল যন্ত্রাংশ
ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৮টি ইজিবাইক
- আপডেট সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূল রহস্য উদঘাটিত হয়েছে। অভিযানে চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে মোট ১৮টি ইজিবাইক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মোঃ নজরুল ইসলাম (পিপিএম), পুলিশ সুপার, ফরিদপুর।
পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ইজিবাইক চুরির মামলা (মামলা নং-৩২) দায়ের হয়। এরপর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামের দিকনির্দেশনায় জেলা পুলিশ তদন্তে নামে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর, শরীয়তপুর ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে চোর চক্রের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৩টি সচল ইজিবাইক ও ৫টি অচল/পুরাতন ইজিবাইক। এছাড়াও উদ্ধার করা হয়েছে ইজিবাইক কাটার সরঞ্জাম ও বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, চক্রটি অত্যন্ত সুসংগঠিতভাবে ইজিবাইক চুরি করত। চুরির পর দ্রুত রং পরিবর্তন ও ইঞ্জিন নম্বর বিকৃত করে সনাক্তকরণ কঠিন করে তুলত। পরবর্তীতে বিভিন্ন জেলায় ইজিবাইক ও এর যন্ত্রাংশ বিক্রি করত তারা।
পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম) বলেন, “জনসাধারণের উপার্জনের বাহন রক্ষায় জেলা পুলিশ আপোষহীন। এই চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ, সাধারণ সম্পাদক স্বপন মাহমুদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।














