চাঁদা দাবি করলে আটক করে প্রশাসনকে জানানোর আহ্বান
সিলেটে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না: কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের
- আপডেট সময় : ০১:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ
সিলেট-এ চাঁদাবাজদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেছেন, “এই আধ্যাত্মিক সিলেট নগরীতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। এখানে সবাই শান্তিতে ব্যবসা-বাণিজ্য করবে এবং সুন্দরভাবে জীবন-যাপন করবে।”
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং জানতে চান, কেউ তাদের কাছে চাঁদা দাবি করছে কি না।
ব্যবসায়ীরা চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করলে তিনি বলেন, “কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায় বা দাবি নিয়ে হাজির হয়, আপনারা তাদের আটক করে আমাদের খবর দিন। আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।”
তিনি আরও বলেন, প্রশাসন এমনিতেই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন নিয়মিত কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৯-এর সদস্যরা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের কর্মকর্তা এবং সিলেট সিটি করপোরেশন-এর কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা প্রশাসকের এ কঠোর বার্তায় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।






















