দায়িত্ব গ্রহণের পর টহল জোরদার ও অপরাধ দমনে কঠোর অবস্থান, জনমনে ফিরেছে স্বস্তি
সালথা থানার ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সফলতা
- আপডেট সময় : ০৪:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
ফরিদপুর জেলার সালথা উপজেলা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সালথা থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় মারামারি, কাইজ্জা, ভাঙচুর, লুটপাট ও মাদক সংক্রান্ত অপরাধ কমেছে বলে দাবি করেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসি বাবলুর রহমান খান দায়িত্ব নেওয়ার পর নিয়মিত টহল জোরদার, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন অপরাধ দমনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, যে কোনো সমস্যায় থানায় গেলে ওসি মনোযোগ সহকারে কথা শোনেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। কেউ সহযোগিতা চাইলে তাকে পূর্ণ সহায়তা দেওয়া হবে। সালথায় যতদিন দায়িত্বে থাকবো, সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। অন্যায় যে-ই করুক, তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, আইন প্রতিষ্ঠায় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে সালথা উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সচেতন মহলের মতে, পুলিশের এই সক্রিয় ভূমিকা অব্যাহত থাকলে সালথা উপজেলা আইন-শৃঙ্খলার দিক থেকে আরও স্থিতিশীল অবস্থানে পৌঁছাবে।






















