কুরআনময় পরিবার, সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়
কুরআনের আলোকে অপশাসন ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান : চট্টগ্রামে মাওলানা মুহাম্মদ শাহজাহান
- আপডেট সময় : ০৭:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ | চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে আয়োজিত এক ইফতার মাহফিলে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, কুরআনের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া দেশ থেকে দুর্নীতি, অপশাসন ও জুলুম দূর করা সম্ভব নয়।
তিনি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কুরআনময় করার আহ্বান জানিয়ে বলেন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার বিকেলে হোটেল সৈকত-এ সাংবাদিক, সুধী ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, রমজান মাস মর্যাদাপূর্ণ—কারণ এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং কুরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাস।
তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদীনায় হিজরতের মাধ্যমে কুরআনের আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন। ফলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে। বর্তমান বাংলাদেশেও কুরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হলে দুর্নীতি, ঘুষ ও অন্যায় বিলুপ্ত হবে বলে তিনি মন্তব্য করেন।
রমজানকে ‘কুরআন বিজয়ের মাস’ উল্লেখ করে তিনি বলেন, বদরের প্রান্তরে এ মাসেই সত্যের বিজয় হয়েছিল। তাই রমজানের শিক্ষা হলো—নিজেকে কুরআনের অনুসারী হিসেবে গড়ে তোলা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়া।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম জুলাইয়ের শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান এবং দ্রুততম সময়ে জনগণের রায়কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক সমাজকে কুরআনের ন্যায়ভিত্তিক আদর্শ ধারণ করে শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। এতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















