দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে সাবেক এই সাংসদ
সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার সাবেক সাংসদ হাসিনা আহমদ, তৃণমূলের জোরালো প্রত্যাশা
- আপডেট সময় : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

মোঃ আবদুল্লাহ (আল-মামুন) |
আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। এরই মধ্যে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া এলাকার সাবেক সাংসদ হাসিনা আহমদ সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং ধারাবাহিক জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা এখনো দৃঢ় বলে জানা গেছে। এলাকাবাসীর মতে, শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং নারী নেতৃত্ব বিকাশে তাঁর অবদান ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-এর সহধর্মিণী হওয়ায় কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় ও যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন স্থানীয়রা।
দলীয় সূত্রে জানা যায়, উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং নারী সমাজকে সংগঠিত করার সক্ষমতার কারণে তাঁকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে। তৃণমূল পর্যায়ে তাঁর পক্ষে সমর্থনও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে অভিজ্ঞতা ও জনপ্রিয়তার সমন্বয়ে তিনি দলের জন্য শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। ইতোমধ্যে তাঁর সমর্থকদের মাঝে আশাবাদের সুর স্পষ্ট।
স্থানীয়দের প্রত্যাশা, অভিজ্ঞ এই নেত্রীর নেতৃত্বে চকরিয়া-পেকুয়ার উন্নয়নের ধারা আরও বেগবান হবে এবং এলাকার সামগ্রিক অগ্রগতিতে নতুন গতি সঞ্চার হবে।






















