“এমপি কোনো ব্যক্তি নয়, এমপি হলো বাউফলের সাড়ে চার লাখ মানুষ” — ড. মাসুদ
বাউফল পাবলিক মাঠে নবনির্বাচিত এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের গণসংবর্ধনা, ৬০ দিনে মাদক নির্মূলের ঘোষণা
- আপডেট সময় : ১০:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

মোঃ শামিম | পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী, বাউফল: বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত কৃতজ্ঞতা সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি আপনাদের সেবক। এমপি কোনো ব্যক্তি নয়—এমপি হলো বাউফলের সাড়ে চার লাখ মানুষ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়; ইনসাফভিত্তিক, চাঁদাবাজিমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি বাউফল গড়ার পক্ষে রায় দিয়েছেন।”
তিনি আরও বলেন, “ব্যক্তি মাসুদকে হারানো সম্ভব হলেও বাউফলবাসীকে পরাজিত করা যাবে না। কোনো অপচেষ্টা বা ষড়যন্ত্র জনগণের এ বিজয় ছিনিয়ে নিতে পারবে না।”
দ্রুত পদক্ষেপের আশ্বাস
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নবনির্বাচিত এমপি জানান, ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় বৈঠক হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো একদিনে দূর করা যাবে না। যেমন একজন মালীকে নিয়মিত পরিচর্যা করতে হয়, তেমনি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ঘটনার বিকৃত উপস্থাপনার অভিযোগ করে এমপি মাসুদ বলেন, বিভ্রান্তিমূলক প্রচারণায় জনগণ কান দেবে না বলে তিনি বিশ্বাস করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি নিরপেক্ষতা বজায় রেখে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান।
বিশিষ্টজনদের উপস্থিতি
উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের প্রার্থী আইয়ুব বিন মুসা, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ এবং এনসিপি নেতা মো. জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।














