প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা, চট্টগ্রাম-৫ আসনে আনন্দের জোয়ার
হাটহাজারী থেকে মন্ত্রিসভায়—মীর হেলালের উত্থানে উচ্ছ্বাস
- আপডেট সময় : ১১:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নতুন মন্ত্রিপরিষদে শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিক ডাক পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা আসিফ চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, তাকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
তরুণ নেতৃত্ব হিসেবে জাতীয় রাজনীতিতে আলোচনায় থাকা মীর হেলালের এই অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন তার অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনায় চট্টগ্রাম-৫ আসনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ আসনে বড় ব্যবধানে জয়ী হন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আসনের ১৪৩টি কেন্দ্রে তিনি মোট ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পান ৪৪ হাজার ভোট। ফলাফল ঘোষণার পর তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
মীর হেলাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তার উত্থানও আলোচিত। তার পিতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক বিমান প্রতিমন্ত্রী ছিলেন।
নতুন মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়ায় তরুণ ও নতুন মুখদের অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখন দেখার বিষয়, আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান মীর হেলাল।






















