পার্বত্য অঞ্চলের উন্নয়ন, ভূমি সমস্যা সমাধান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দক্ষ নেতৃত্বের প্রত্যাশা
বান্দরবান-৩০০ আসনের এমপি সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করার দাবি স্থানীয়দের
- আপডেট সময় : ১১:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম তুহিন |
বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান-৩০০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।
পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাঁর নেতৃত্বকে সময়োপযোগী ও কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সচেতন মহলের মতে, পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং দীর্ঘদিনের ভূমি সমস্যা, অবকাঠামোগত ঘাটতি ও সামাজিক সমন্বয়ের বিষয়গুলো সমাধানে অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন।
এ প্রেক্ষাপটে সাচিং প্রু জেরির রাজনৈতিক অভিজ্ঞতা ও পাহাড়ের মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা তাঁকে এই দায়িত্বের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এ বিষয়ে মতামত ব্যক্ত করে লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মামুন মিয়া বলেন, “সাচিং প্রু জেরি পাহাড়ের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি পার্বত্য এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, ভূমি সমস্যা সমাধান এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে তাঁর মতো দক্ষ নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।”
স্থানীয়দের দাবি, পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের স্বার্থে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।














