কামাল খানের নেতৃত্বে ৩০ গণমাধ্যমকর্মীর অংশগ্রহণ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেটের ৬ আসনে পর্যবেক্ষণে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন
- আপডেট সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন পরিবার।
কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাব-এর সদস্য কামাল খানের নেতৃত্বে ৩০ জন গণমাধ্যমকর্মী এ দায়িত্ব পালন করেন।
কামাল খান বলেন, সিলেট জেলার ৬টি আসনে গণমাধ্যমকর্মীরা সম্মিলিতভাবে প্রতিবারের মতো এবারও পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসনের ভূমিকার প্রশংসা করে বলেন, মানুষ শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবং ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
সংগঠনের সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু বলেন, সিলেটের ৬টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের মধ্যে আনন্দ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গণতান্ত্রিক পরিবেশে ভোট প্রদানকে তিনি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
বার্মিংহাম শাখার সদস্য সচিব মো. মুর্শেদ আহমদ বলেন, প্রবাস থেকে দেশে এসে তিনি নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিয়েছেন যাতে ভোটাধিকার কেউ খর্ব করতে না পারে। একজনের ভোট অন্য কেউ দিতে না পারে—এ বিষয়টি নিশ্চিত করাই ছিল তার লক্ষ্য। তিনি জানান, দিনভর সিলেটের বিভিন্ন কেন্দ্রে ঘুরে পর্যবেক্ষণ করেছেন এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুক্তাদির, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, সদস্য এম এস এ ডালিম, জেলা সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন, সহ-সাংগঠনিক সম্পাদক খয়রুজ্জামান ফরহাদ, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, বিয়ানীবাজার উপজেলার সদস্য সুয়েব আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন।






















