উন্নয়ন ও স্বচ্ছতার জন্য দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান নবনির্বাচিত সাংসদের
রাউজান প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
- আপডেট সময় : ১০:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ |
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে সফল ও টেকসই করতে সাংবাদিকদের ইতিবাচক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি যেকোনো অনিয়ম-অসঙ্গতি নিরপেক্ষভাবে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। গঠনমূলক সমালোচনা জনপ্রতিনিধিদের কাজকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গহিরাস্থ তাঁর নিজ বাসভবনে রাউজান প্রেস ক্লাব-এর উদ্যোগে আয়োজিত ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং রাউজানের উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, নবনির্বাচিত সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, শিক্ষা বিষয়ক সদস্য মিলন বৈদ্য শুভ এবং সদস্য আতিক উল্লাহ্ প্রমুখ।
নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।














