RPO ৭৪(৫) ধারায় দোষী সাব্যস্ত, অর্থদণ্ডও প্রদান
নলছিটিতে জাল ভোটের চেষ্টা: ভ্রাম্যমাণ আদালতে নারীর ২ বছরের কারাদণ্ড
- আপডেট সময় : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

মাহবুব হাসান | ঝালকাঠি স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠি-২ আসনের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রানী (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি)। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ছাবিনা বেগম ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে এবং তিনি সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার ছিলেন।
কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে জানানো হয়। শুনানি শেষে Representation of the People Order (RPO) এর ৭৪(৫) ধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জাল ভোট ও অনিয়ম রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণে ভোটগ্রহণ সুষ্ঠু রাখতে সহায়ক ভূমিকা রাখছে প্রশাসন।






















