ফরিদপুর ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ২ নিহত, ২০ জন আহত
ফরিদপুর ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ২ নিহত, ২০ আহত
- আপডেট সময় : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ভাঙ্গা উপজেলায় ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। সেই সময় সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থার ১০ জনসহ অন্যান্য আহতদের চিকিৎসা চলছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।














