ধানের শীষে ভোট চেয়ে সালথায় আবেগঘন বক্তব্য
আপনাদের সেবা করার সুযোগ দিন—শাম ওবায়েত
- আপডেট সময় : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী শাম ওবায়েত ইসলাম বলেছেন, “আজ আমি আপনাদের বোন ও মেয়ে। আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
তিনি বলেন, “আপনারা আমার বাবাকে যেমন ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা দেখিয়েছেন, ঠিক তেমনি আমিও আপনাদের আরও বেশি ভালোবাসা, সম্মান ও সেবা দিতে চাই।”
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় শাম ওবায়েত ইসলাম আরও বলেন, সালথা ও নগরকান্দা উপজেলায় আন্তর্জাতিক মানের হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, গার্লস স্কুল এবং ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষক, মা ও বোনদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
পাশাপাশি মাদ্রাসা ও মসজিদ আধুনিকায়ন করা হবে এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সমমানের চাকরির সুযোগ নিশ্চিত করা হবে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আজীবন সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব শাহজাদ জামিয়া, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।














