পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার; থানায় হস্তান্তরের প্রস্তুতি
কুমিল্লা তিতাসে যৌথ অভিযানে পিস্তল ও গুলিসহ দুইজন আটক
- আপডেট সময় : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিএ-১১৫২১ ক্যাপ্টেন ইসফাক ইবনে আলাউদ্দিনের নেতৃত্বে ৩ ই বেঙ্গল, দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল তিতাস উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মানিককান্দি গ্রামে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুইজন আসামিকে আটক করা হয়। আটককৃতরা হলেন—ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েল এবং একই গ্রামের আশরাফ হোসেনের ছেলে আব্দুল হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, এসহাক মোল্লা জুয়েল এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছিলেন। তবে কী কারণে এবং কোন প্রেক্ষাপটে তিনি অস্ত্র বহন করছিলেন—তা তদন্তাধীন রয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
অভিযানকালে আটককৃতদের হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং মোট ১০টি মোবাইল ফোন (এর মধ্যে পাঁচটি নষ্ট) উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।














