রাজনৈতিক সহিংসতার শিকার দাঁড়ি পাল্লা, দ্রুত বিচার চায় স্থানীয়রা
নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়ি পাল্লার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, অটোরিকশাসহ আসবাব পুড়ে ছাই
- আপডেট সময় : ০১:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

গত শুক্রবার গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজারসংলগ্ন দীনেশগঞ্জ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের দাঁড়ি পাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিল, প্রচার সামগ্রী এবং নির্বাচনী কাজে ব্যবহৃত একটি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হামলা হয়েছে বলে তারা মনে করেন। তাদের আশঙ্কা, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে পারে এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে নোয়াখালী-০৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও দাঁড়ি পাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন, “এর আগে গোপালপুর ও জিরতলী ইউনিয়নে আমার ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। একটি রাজনৈতিক দল জনসমর্থন হারিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, যাতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়।”






















