গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে প্রবাসী বিএনপি নেতার প্রত্যাবর্তন
ধানের শীষকে বিজয়ী করতে প্রবাস ছেড়ে দেশে ফিরলেন সাউথ লন্ডন বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন
- আপডেট সময় : ১০:৩৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের এই ক্রান্তিলগ্নে প্রবাস জীবন ত্যাগ করে প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন সাউথ লন্ডন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। তিনি জানান, সিলেট–৩ আসনের ধানের শীষের কান্ডারি এম এ মালিককে বিজয়ী করতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জোরদার করতেই তাঁর এই প্রত্যাবর্তন।
নিজাম উদ্দিন বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে বেগবান করাই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, “প্রবাসের নিরাপদ জীবন ছেড়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত হওয়া আমার নৈতিক দায়িত্ব।”
তিনি মনে করেন, সিলেট–৩ আসনের মানুষের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে এসেছেন। এ সময় তিনি সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন—ঐক্যই বিএনপির শক্তি, ঐক্যই বিজয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সেবুল আহমদ, ৪নং কুচাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এস.এ. ডালিম, ঢাকা প্রেসক্লাবের সদস্য ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান,সহ স্থানীয় বিএনপির আরও অনেক নেতৃবৃন্দ।














