দেবিদ্বারে বিএনপি-গণঅধিকার জোটের নতুন সমীকরণ
হাসনাত আব্দুল্লাহর আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি
- আপডেট সময় : ০৭:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টে দায়ের করা রিট আবেদন খারিজ হওয়ায় এ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না।
এমন পরিস্থিতিতে কুমিল্লা-৪ আসনে বিএনপি জোটগত সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।
তিনি জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বিএনপি-সমর্থিত জোট প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ধানের শীষ প্রতীকে কোনো প্রার্থী না থাকায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেবিদ্বারবাসীর প্রতি আমাদের আহ্বান—আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকুন এবং জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে এবং তাদের নেতাকর্মীদের তার পক্ষে মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে।






















