স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত অর্থায়নে সফল মানবিক উদ্যোগ
আমতলিতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ, স্বস্তিতে এলাকাবাসী
- আপডেট সময় : ০৭:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু |
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লোদা গ্রামে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে একটি কাঠের পোল (সেতু) নির্মাণ করা হয়েছে।

এই সেতু নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটেছে।
দীর্ঘ সময় ধরে সেতু না থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে চলাচল করছিলেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছিল।
নতুন কাঠের সেতুটি নির্মাণ হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সারাদিনব্যাপী সেতু নির্মাণ কাজে সরাসরি অংশগ্রহণ করেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ এবং সদস্য সোহেল। এ সময় স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেন।

সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল সিকদারের দিকনির্দেশনা ও আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করা হয়।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন,
“আমরা আমাদের ব্যক্তিগত খরচের টাকা বাঁচিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের অসহায় ও সাধারণ মানুষের সুবিধার জন্য ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার রয়েছে আমাদের।”
এলাকাবাসী স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি জানান।














