শিহাব হত্যা মামলায় চার্জশিট গ্রহণ, ৬২ জন গ্রেপ্তার, পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি
শিহাব হত্যা মামলা: ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আপডেট সময় : ০৬:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী ওয়াকিল আহমেদ শিহাব হত্যার ঘটনায় সাবেক তিন সংসদ সদস্যসহ মোট ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ফেনী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এই আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াকিল আহমেদ শিহাব।
এ ঘটনায় নিহতের মা মাহফুজা আক্তার ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ ১৫১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোতাহের হোসেন জানান, এজাহারভুক্ত ১৪৮ জন এবং তদন্তে প্রাপ্ত আরও ৭১ জনসহ মোট ২১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এরই মধ্যে এজাহারভুক্ত ১৩ জন ও সন্দেহভাজন ৪৯ জনসহ মোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মামলায় অভিযুক্ত ছয়জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, চলতি বছরের ১৮ ও ২৫ জানুয়ারি চার্জশিট পর্যালোচনা শেষে আদালত তা গ্রহণ করেন।
ফেনী আদালত পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে অনুষ্ঠিত হবে। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের সহিংস ঘটনায় ফেনী মডেল থানায় মোট ২৪টি মামলা দায়ের হয়, যার মধ্যে সাতটি হত্যা মামলা এবং বাকি ১৭টি হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে করা হয়েছে।

















