শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বেতাগীতে নৌবাহিনী-বিজিবি-পুলিশের সমন্বিত টহল
নির্বাচন সামনে রেখে বেতাগীতে যৌথ বাহিনীর মহড়া ও টহল জোরদার
- আপডেট সময় : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বরগুনার বেতাগী উপজেলায় যৌথ বাহিনীর টহল ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের মান্নানের হাট ও ফুল ঝুঁড়ি এলাকায় বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে এ টহল ও মহড়া পরিচালিত হয়।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন জানান, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই মহড়ার মাধ্যমে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমপূর্ণ এলাকা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
এ সময় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক প্রার্থীর দেয়াল লিখন ও দোকানের ভেতরে অবৈধভাবে পোস্টার টাঙানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
মহড়া ও টহল কার্যক্রমে বেতাগী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. তাসবির হাসান সজীব, বিজিবি বেতাগী বেইজের দায়িত্বে নায়েক সুবেদার মো. সিদ্দিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নির্বাচন পর্যন্ত এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।














